হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ১৫
যোগফল প্রতিবেদক:
হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকার মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর পুরো হোস্টেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যেভাবে সংঘর্ষের সূত্রপাত
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল বলে জানান শিক্ষার্থীরা।
একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে লোহার রড, স্টাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি।
দন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশেরত
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের পর হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন