অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
যোগফল প্রতিবেদক:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী ছৈয়াল চান্দনী গ্রামের কালাই ছৈয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ শেষে হযরত আলী ছৈয়াল শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দীন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন