অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের সিনেমা আহ্বান, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
যোগফল প্রতিবেদক:
৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র নির্বাচন করতে আবেদন আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। আগ্রহী প্রযোজক ও পরিচালকদের আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, আবেদন করা চলচ্চিত্রটি ৪০ মিনিটের বেশি দৈর্ঘ্যের পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে হবে। কাহিনীচিত্রের পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগের জন্য বিবেচিত হবে।
চলচ্চিত্রটির মূল সংলাপ বা সংলাপ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। একই সঙ্গে সিনেমাটিতে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।
অস্কারের জন্য যোগ্যতা অর্জন করতে চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। পাশাপাশি একই প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের জন্য বাণিজ্যিকভাবে অন্তত টানা সাত দিন প্রদর্শিত হওয়ার শর্ত রয়েছে।
এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির আগে চলচ্চিত্রটি টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটে প্রকাশ করা হলে সেটি অস্কারের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
আবেদনকারী চলচ্চিত্রের সৃজনশীল নিয়ন্ত্রণও মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে। অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে কিংবা অ্যাকাডেমির নিয়মের বাইরে কোনো তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬। আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে জুরি বোর্ড নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করবে।
অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আবেদন ফরম: https://forms.gle/3NQQHmXFSKkDpMnc7
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন