খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র, ১৪৩৩

নিরাপদ আশ্রয়েই কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে নতুন মোড়

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিরাপদ আশ্রয়েই কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে নতুন মোড়

যোগফল প্রতিবেদক: 

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) তত্ত্বাবধায়ক মো. সেতারুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানি, হুমকি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পর তদন্ত ও সাময়িক বরখাস্ত হলেও বিভাগীয় শুনানিতে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি’—এমন সিদ্ধান্তে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁকে একই কেন্দ্রে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

তবে অভিযোগগুলো নিয়ে এবার অধিকতর তদন্তের সিদ্ধান্ত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান প্রথম আলোকে জানিয়েছেন, সেতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। বর্তমানে তাঁকে অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে।

ছয় কিশোরীর অভিযোগ

সেতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গত বছরের ১০ নভেম্বর কেন্দ্রটি পরিদর্শন করেন ঢাকার বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আয়েশা আক্তার। তিনি কেন্দ্রের নিবাসী ও কর্মরত ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।

পরিদর্শনের পর গত ৮ ডিসেম্বর দেওয়া প্রতিবেদনে বলা হয়, ছয়জন নিবাসী তাঁদের নিজেদের এবং অন্যদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির বিভিন্ন ঘটনার কথা জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন বিবাহিত কিশোরীর কাছে তাঁদের স্বামীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং সন্তান নেওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করার অভিযোগ উঠেছে তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। এমনকি স্বামীকে কেন্দ্রে এনে কিশোরীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, এসব প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ প্রকাশ করলে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার হুমকি দেওয়া হতো।

এ ছাড়া ছুটির দিন, সন্ধ্যা বা রাতে কিশোরীদের একা কক্ষে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ করেছেন কয়েকজন। এক কিশোরী দাবি করেছে, একপর্যায়ে সে তত্ত্বাবধায়কের হাতে কামড় দিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে।

আরেক কিশোরীর অভিযোগ, তাঁকে বাথরুমে গিয়ে একসঙ্গে কয়েক মিনিট সময় কাটানোর কথা বলা হতো। কাউকে কাউকে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখতেও বাধ্য করার অভিযোগ রয়েছে।

মিথ্যা কথা বলে কক্ষে ডাকার অভিযোগ

আরেক কিশোরীর অভিযোগ, ‘মা-বাবা এসেছেন’—এমন কথা বলে তাঁকে নিজের কক্ষে ডেকে নিতেন তত্ত্বাবধায়ক। পাশাপাশি কোনো কোনো নিবাসী কেন ওই কেন্দ্রে এসেছে, সে তথ্য অন্যদের জানিয়ে দেওয়ার কারণে পরবর্তী সময়ে তাঁদের সহনিবাসীদের কাছ থেকে হয়রানির শিকার হওয়ার অভিযোগও উঠে এসেছে।

অভিযোগগুলোর পর তদন্ত হলেও সেগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি—এই কারণ দেখিয়ে সেতারুজ্জামানকে বিভাগীয় শুনানিতে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তাঁকে আবার একই কেন্দ্রে দায়িত্ব দেওয়ার উদ্যোগের বিষয়টি সামনে আসে।

এখন নতুন করে অধিকতর তদন্তের সিদ্ধান্ত হওয়ায় অভিযোগগুলোর সত্যতা এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব পুনরায় যাচাই করা হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

 যোগফল প্রতিবেদক:

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে তার। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।

শাবনূরের এমন পোস্টের পর তাসকিনের সঙ্গে তার সাক্ষাৎ ও পারিবারিক আড্ডার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাদের আনন্দঘন সময় কাটানোর মুহূর্ত ফুটে উঠেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

 যোগফল প্রতিবেদক:

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় নোয়াখালীর হাতিয়ায় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

 যোগফল প্রতিবেদক:

কুমিল্লার নাঙ্গলকোটে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার গোত্রশাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলাল হোসেন শিমুন গোত্রশাল গ্রামের মরহুম তাজুল ইসলাম মেম্বারের ছেলে। অপর গ্রেপ্তার অহিদ উল্লাহ একই গ্রামের মরহুম আমান উল্লাহর ছেলে।

নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুর রাজ্জাক সুমন গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে। শনিবার তাদের কুমিল্লার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম