গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬
যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান এবং মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।
পুলিশ জানায়, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বাজুনিয়া মনা মার্কেট এলাকায় মিছিল বের করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীদের কয়েকজন পালিয়ে যান। পরে সেখান থেকে ছয়জনকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন