৩ ঘণ্টা পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
যোগফল প্রতিবেদক:
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে ত্রুটিপূর্ণ বগিটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর)। জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই ট্রেনটির একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
এ ঘটনায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আশপাশের কয়েকটি স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে সান্তাহার জংশন থেকে রেলওয়ের ক্যারেজ মিস্ত্রিরা ঘটনাস্থলে গিয়ে ত্রুটিপূর্ণ বগিটির কয়েল স্প্রিং ও বডি মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে সকাল ১১টা ২০ মিনিটে বরেন্দ্র এক্সপ্রেসটি জয়পুরহাট স্টেশনের উদ্দেশে রওনা হয়।
ট্রেনের সহকারী চালক রবীন হোসেন জানান, বগিটির ত্রুটি মেরামতের পর ট্রেনটি আবার চলাচল শুরু করেছে। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
চালক ও ট্রেন পরিচালনায় থাকা কর্মীদের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন