সুলিভানকে ধাক্কা, জরিমানা মেসির
যোগফল প্রতিবেদক:
মাঠে সাধারণত শান্ত স্বভাবের খেলোয়াড় হিসেবেই পরিচিত লিওনেল মেসি। তবে এবার প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির এই তারকা।
মেজর লিগ সকার (এমএলএস) জানিয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নিয়ম ভঙ্গ করায় মেসিকে জরিমানা করা হয়েছে। তবে জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘটনাটিকে ‘চড়’ হিসেবে উল্লেখ করলেও এমএলএসের আনুষ্ঠানিক অভিযোগে শুধু মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নিয়ম ভঙ্গের কথা বলা হয়েছে।
ফিলাডেলফিয়ার মাঠে বুধবার ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১১তম মিনিটে মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে সুলিভানের ঘাড়ের পেছনে হাত দেন তিনি। এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাটি ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ফিলিপ দুজিচের চোখে পড়েনি। পরে তিনি এসে দুজনকে আলাদা করলেও কাউকে কার্ড দেখাননি। ম্যাচের ভিডিও পর্যালোচনার পর মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এমএলএস।
একই ম্যাচে একই ধরনের অপরাধে মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি এলাকায় বল নিয়ে এগোনোর সময় সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ম্যাচের শেষদিকে আরও এক দফা উত্তেজনা দেখা দেয়। বলের বাইরে সংঘর্ষে ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার সুলিভান লাল কার্ড দেখেন। তবে পরে স্বাধীন পর্যালোচনা প্যানেলের সিদ্ধান্তে সুলিভানের লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করে এমএলএস।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন