২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ ফুয়েন্তে
যোগফল প্রতিবেদক:
স্পেনের সফল কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখতে চায় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় দলের প্রতি তার নিষ্ঠা, নেতৃত্ব ও সাফল্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
লুজানের মতে, দে লা ফুয়েন্তের অধীনে স্পেন দারুণ সাফল্য পেয়েছে। তার অসাধারণ কাজের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় দলটি নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে।
২০২৬ বিশ্বকাপের সাফল্যের পর দে লা ফুয়েন্তেকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার পরিকল্পনা আরও জোরালো হয়েছে। ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। তাই সেই আসরে স্পেনের ডাগআউটে দে লা ফুয়েন্তেকে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছে ফেডারেশন।
বিশ্বকাপের ফাইনাল নিজেদের দেশে আয়োজনের লক্ষ্যও রয়েছে স্পেনের। যৌথ আয়োজক দেশগুলোর মধ্যে ফাইনাল ম্যাচটি স্পেনের কোনো স্টেডিয়ামে আয়োজনের জন্য দেশটি জোরালোভাবে কাজ করছে।
আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান মনে করেন, ২০৩০ বিশ্বকাপের মতো বড় আসরের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত না হওয়াটা অস্বাভাবিক হবে। পুরুষ ও নারী ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সাম্প্রতিক সাফল্যও ফাইনাল আয়োজনের দাবিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন