ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা, টিন কেটে রক্ষা
যোগফল প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ঘরের বাইরে থেকে শেকল দিয়ে আটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচেন তারা। এ ঘটনায় লাল মিয়া (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাল মিয়া জানান, রাতে তার স্ত্রী বেগম আক্তার ঘরের চারপাশে আগুন দেখতে পান। পরে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। তারা দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পান, বাইরে থেকে শেকল দিয়ে দরজা আটকে দেওয়া হয়েছে।
এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘরের ভেতর পেট্রোলের গন্ধ ও ধোঁয়ায় শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। একপর্যায়ে লাল মিয়া ঘরে থাকা দা দিয়ে টিনের বেড়া কেটে স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আসেন।
আগুনে লাল মিয়ার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
লাল মিয়ার স্ত্রী বেগম আক্তার অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবেশী হাসেম, কাশেম, জুয়েল, মোশাররফ, আশ্রব আলী ও কাঞ্চনমালাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। কয়েক দিন আগেও তাদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হতে পারে বলে সন্দেহ করছেন তারা।
পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সখীপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন