খাগড়াছড়িতে কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি
যোগফল প্রতিবেদক:
কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি সদরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। একই সঙ্গে দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের কয়েকটি এলাকায় এখনো পানি পুরোপুরি সরেনি।
শনিবার (২২ আগস্ট) দিনভর বৃষ্টি না হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। এর আগে শুক্রবার রাতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।
বন্যার পানিতে আউশ ও আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এছাড়া অনেক মাটির ঘরবাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ চলছে।
পানি কমে যাওয়ার পর খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ, নিচের বাজারসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট থেকে কাদা ও জমে থাকা পানি পরিষ্কার করতে দেখা গেছে স্থানীয়দের।
এদিকে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মিনহাজ জানান, জেলা জামায়াতের উদ্যোগে সদরের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, দুর্গত মানুষের পাশে প্রশাসন রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন