রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইউনুস আলী নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রিজের পূর্ব পাশে মোগলবাসাগামী পাকা সড়কের গোড়াই ছোট ড্রেন ব্রিজের ওপর পেট্রল দিয়ে টায়ার জ্বালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনুস আলীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মামলার পলাতক আসামি ইউনুস আলীকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি তবকপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, গত রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন