পরিত্যক্ত বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল ঘরের অংশ
যোগফল প্রতিবেদক:
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি থেকে ধোঁয়া বের হতে এবং পোড়া গন্ধ পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক আমিনুল ইসলাম খান দীর্ঘদিন ধরে খুলনায় অবস্থান করছেন। প্রায় সাত বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিস্ফোরণের সময় ঘরটিতে কেউ ছিলেন না বলে জানা গেছে।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণটি নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে কি না, নাকি স্থানীয় কোনো বিরোধকে কেন্দ্র করে সেখানে বোমাটি রাখা হয়েছিল—তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বোমাটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন