বিশেষ অডিটে ঘিওরের খাদ্য গুদাম সিলগালা
যোগফল প্রতিবেদক:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদাম আকস্মিকভাবে সিলগালা করে দিয়েছে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক দল। বিশেষ অডিট কার্যক্রমের অংশ হিসেবে গুদাম সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে উপজেলা খাদ্য গুদামটি সিলগালা অবস্থায় দেখা যায়। এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুদাম পরিদর্শন শেষে এটি সিলগালা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সব উপজেলায় সরকারি খাদ্য গুদামের মজুত ও দাপ্তরিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অডিট কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বুধবার ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঘিওরে আসে।
পরিদর্শনের সময় কর্মকর্তারা গুদামে থাকা খাদ্যশস্যের প্রকৃত মজুত এবং দাপ্তরিক খাতাপত্রের হিসাব মিলিয়ে দেখেন। অডিট কার্যক্রম চলমান থাকায় মজুত ও হিসাবের কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা যাচাইয়ের সুবিধার্থে গুদামটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার জানান, বিশেষ অডিট কার্যক্রম চলমান থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুদামটি সিলগালা করেছে।
মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আইয়ুব রায়হান বলেন, জেলার খাদ্য ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশে বিশেষ অডিট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘিওরের খাদ্য গুদাম পরিদর্শন করেছে। দাপ্তরিক হিসাব নিরীক্ষা ও প্রকৃত মজুত যাচাইয়ের সুবিধার্থে গুদাম সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
তিনি আরও জানান, অডিট শেষ হলে গুদাম খুলে দেওয়া হবে। পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের খাদ্য কর্মকর্তাদের নির্দেশে বিশেষ অডিট কার্যক্রমের স্বার্থে গুদাম সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। এটি নিয়মিত অডিট কার্যক্রমের অংশ। অডিট শেষ হওয়ার পর গুদাম খুলে দেওয়া হবে।
এ ঘটনায় সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন