খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র, ১৪৩৩

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে ফেরি বন্ধ, চরম দুর্ভোগে পণ্যবাহী যানবাহন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে ফেরি বন্ধ, চরম দুর্ভোগে পণ্যবাহী যানবাহন

যোগফল প্রতিবেদক: 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে গত ১৫ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটের কারণে গত ১৪ আগস্ট থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকরা।

শনিবার (২৯ আগস্ট) সকালে চিলমারী নৌবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে পণ্যবাহী বিভিন্ন যানবাহন অপেক্ষা করছে। অনেক চালককে ফেরি না পেয়ে বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে।

ফেরির জন্য অপেক্ষমাণ চালক ও শ্রমিকদের অভিযোগ, বিআইডব্লিউটিএর গাফিলতি এবং নিয়মিত চ্যানেল ড্রেজিং না করার কারণেই প্রায়ই এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে বলেও অভিযোগ তাদের।

জানা গেছে, বিআইডব্লিউটিএর উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর। উদ্বোধনের পর নিয়মিত দুটি ফেরির মাধ্যমে পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার করা হতো। প্রতি ট্রিপে ফেরি কুঞ্জলতায় ৮ থেকে ৯টি, বেগম সুফিয়া কামালে ১২ থেকে ১৩টি এবং কদম ফেরিতে ৮ থেকে ৯টি পণ্যবাহী গাড়ি পারাপার করা সম্ভব হতো।

এরই মধ্যে বেগম সুফিয়া কামাল ও কুঞ্জলতা ফেরি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কদম নামের একটি ফেরি থাকলেও নাব্যতা সংকটের কারণে সেটিও ১৫ দিন ধরে চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের দাবি, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৯ আগস্ট পর্যন্ত ১ হাজার ৭৪ দিনের মধ্যে নাব্যতা সংকটের কারণে বিভিন্ন সময়ে মোট ৫৪১ দিন ফেরি চলাচল বন্ধ ছিল।

ভূরুঙ্গামারী থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক মো. রাশেদুল ইসলাম বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় প্রায় ১৫টি ট্রাক ফিরে গেছে। আমিও এসে দেখি ফেরি বন্ধ। তাই ফিরে যাচ্ছি।’

রংপুর থেকে আসা ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, ‘৭ দিন ধরে ঘাটে আছি। শুনছি ফেরি চলবে, কিন্তু আর ফেরি চলে না। আজ যদি ফেরি না চলে, তাহলে অনেক পথ ঘুরে ঢাকায় যেতে হবে। এতে সময় ও ব্যয় দুটোই বাড়বে।’

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আন্ধারমানিক নামে একটি শক্তিশালী ড্রেজিং মেশিন রয়েছে। সেটি দিয়ে এখানে খনন করা হলে সহজেই ফেরি চলাচল করতে পারবে। এতে মানুষের দুর্ভোগও কমবে।’

বিআইডব্লিউটিসি চিলমারীর সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ বলেন, রৌমারী ঘাট ও দুইশ বিঘা এলাকায় পানি কম থাকায় ১৪ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকায় ড্রেজিংয়ের কাজ চলছে।

তিনি বলেন, ‘আমি ১৫ আগস্ট ড্রেজিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আরও দুটি ড্রেজিং মেশিন পাঠানোর কথা বলেছিল। কিন্তু এখন পর্যন্ত পাঠায়নি। তিন-চার দিন আগে রৌমারীতে গিয়ে দেখি ঘাট এলাকায় ড্রেজিংয়ের কাজ বন্ধ রয়েছে। ফেরি যদি এভাবে বন্ধ থাকে, তাহলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’

ড্রেজিংয়ের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী (পুর)-১০, চিলমারীর সমীর চন্দ্র পাল বলেন, রৌমারী ঘাট এলাকায় স্থানীয়রা বাধা দেওয়ায় খননকাজ বন্ধ রয়েছে। তবে দুইশ বিঘা এলাকায় খনন চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ড্রেজিংয়ের কাজে স্থানীয়দের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রৌমারী ঘাট এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম, আনিছুর রহমান, জাহিদসহ অন্যরা। তাদের দাবি, ড্রেজিংয়ের কাজে কেউ বাধা দেয়নি। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই খননকাজ বন্ধ রয়েছে।

স্থানীয়রা আরও বলেন, এই রুটে ফেরি বন্ধের পাঁয়তারা চলছে। কিছু অসাধু কর্মকর্তা চান না এখানে ফেরি চলাচল করুক। ফেরি বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ফেরি সার্ভিসটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখা এবং জনদুর্ভোগ নিরসনের জন্য নৌপরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। আশা করছি, তারা বিষয়টি দেখবেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

প্রতিটি উপজেলায় প্রবীণদের থাকা-চিকিৎসার ব্যবস্থা হবে: জিয়াউদ্দিন হায়দার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রতিটি উপজেলায় প্রবীণদের থাকা-চিকিৎসার ব্যবস্থা হবে: জিয়াউদ্দিন হায়দার

 যোগফল প্রতিবেদক:

দেশের প্রতিটি উপজেলায় প্রবীণ নাগরিকদের থাকা, খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার (৩০ আগস্ট) সকালে গাজীপুরের মনিপুর এলাকায় বেসরকারিভাবে গড়ে ওঠা একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কেন্দ্রটি খতিব জাহিদ মুকুল প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। সেখানে অবস্থানরত প্রবীণ নারী ও পুরুষদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রবীণদের নামাজের স্থান, কবরস্থানসহ কেন্দ্রের অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধরনের মানবিক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে অসহায় ও বয়স্ক নাগরিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া অন্যতম।

তিনি বলেন, ‘সরকারিভাবে দেশের প্রতিটি উপজেলায় বয়স্ক নাগরিকদের থাকা, খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে দেশের আর্থিকভাবে সক্ষম ব্যবসায়ীদের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, প্রবীণ নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।

জানা গেছে, গাজীপুরের মনিপুর এলাকার ওই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে ৭২ জন প্রবীণ নারী ও ৬৮ জন প্রবীণ পুরুষ অবস্থান করছেন।

এদিকে পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত প্রবীণদের চলাচলের অনুপযোগী রাস্তাগুলো জেলা প্রশাসনের মাধ্যমে সংস্কারের ঘোষণা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

প্রবীণদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান

 যোগফল প্রতিবেদক:

বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে তরুণরা আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে তরুণ সমাজকে দক্ষতা, জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হবে।

উদ্বোধন শেষে সেনাপ্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন ভবনগুলো নির্মাণ করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

 যোগফল প্রতিবেদক:

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৯ আগস্ট) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরিফ কক্সবাজার সদর উপজেলার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় জাহাঙ্গীর হত্যা মামলা রয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম