মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়
যোগফল প্রতিবেদক:
মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার সময় ওই পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে নাঈমুজ্জামান নয়নের সঙ্গে মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত মো. ইমরান হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ভিডিও ধারণের মধ্যেই ইমরানকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ওসি আব্দুল আল মামুন জানান, শুক্রবার রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতা সদর থানায় উপস্থিত হন। তারা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। পরে নাঈমুজ্জামান নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে ক্ষমা চান।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে।
নাঈমুজ্জামান নয়ন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।
এর আগে তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বর্তমান আইনি অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন