৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি
যোগফল প্রতিবেদক:
গাইবান্ধা জেলার প্রায় ৫০০ মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা। জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এ বৃত্তি দেওয়া হবে।
সমিতি সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে মেধার পাশাপাশি আর্থিক অসচ্ছলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবার ২০২৫-২৬ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ৫০০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গাইবান্ধার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেসব শিক্ষার্থী শিক্ষাজীবন চালিয়ে নিতে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার আহ্বায়ক মোস্তাকিন আল মামুন পিয়াল বলেন, ‘গাইবান্ধার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা প্রায় ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও গাইবান্ধার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
কমিটির সদস্য সচিব মোসাদ্দিকুর ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আমরা চাই, গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।’
আবেদন শুরু ৩০ আগস্ট
আগামী ৩০ আগস্ট ২০২৬ থেকে শিক্ষাবৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
বৃত্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা, শিক্ষার্থী বাছাইয়ের তথ্য ও অন্যান্য আপডেট গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার ফেসবুক পেজ-এ প্রকাশ করা হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন