শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বসিলায় র্যাব-২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি জানান, তেজগাঁও থানার পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে মোশারফ হোসেন পনি ওরফে প্যারা পনি এবং তার সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
র্যাব-২ অধিনায়ক বলেন, নিহত শিক্ষিকার স্বামী ও মামলার বাদী সন্দেহভাজনদের শনাক্ত করতে না পারলেও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, মোশারফ হোসেন পনি ওরফে প্যারা পনি একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। র্যাবের প্রাথমিক ধারণা, প্যারা পনি ও সেড্রিক মোটরসাইকেলে করে রনজিনা পারভিনের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত।
মোটরসাইকেলের মালিক রাকিব র্যাবকে জানিয়েছেন, তার মোটরসাইকেলটি পনি নিয়ে গিয়েছিলেন। তবে ছিনতাইয়ের ঘটনায় রাকিবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক।
এর আগে ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় করে যাওয়ার সময় রনজিনা পারভিনের ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় পুলিশও একজন সন্দেহভাজনকে আটক করেছে বলে জানা গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন