সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহেদুলের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
তিনি বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন