পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড় মুন্সিবাড়ির মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) এবং একই এলাকার শাহারপাড় পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মুহাম্মদ মাহি পাটোয়ারী (২০)।
সঙ্গে থাকা ভ্রমণসঙ্গী মো. সোহান জানান, তারা কয়েকজন মোটরসাইকেলে কক্সবাজার থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহি পাটোয়ারীকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ফিরোজ আহমেদ তৌহিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহত মাহি পাটোয়ারীকে হাসপাতালে নেওয়া হলে তারও মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, সংঘর্ষের পর পিকআপভ্যানটি ঘটনাস্থলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন