বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে: দুলু
যোগফল প্রতিবেদক:
বিভিন্ন সময়ে বিএনপিকে শেষ করে দেওয়া ও দলকে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী—যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের উপশহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার বিএনপিকে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড করতে দেয়নি। বিভিন্ন কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, হত্যা ও গুমসহ বিভিন্ন ধরনের নির্যাতন থেকে বিএনপির সাধারণ কর্মীরাও রেহাই পাননি।
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুলু বলেন, ‘আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে জায়গা হয়নি।’ দলটির অনেক নেতা-কর্মী দেশের বাইরে অবস্থান করছেন এবং স্থানীয় পর্যায়ের অনেকে বিভিন্ন শহরে আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দুলু বলেন, সুযোগ পেলে তারা দেশের শান্তি নষ্ট ও নাশকতার চেষ্টা করতে পারে। দেশের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দুলু বলেন, ৪৮ বছর আগে আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার দাবি, জিয়াউর রহমান দেশে মুক্ত গণমাধ্যম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।
জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বলেও উল্লেখ করেন দুলু।
তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন এবং তার নেতৃত্বে বিএনপি একটি সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করছে।
সমাবেশে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া বক্তব্য দেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় নেতারা।
পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন