ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ
যোগফল প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় আকিবের মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আকিব। বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে তার বাবা হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর অ্যাম্বুলেন্সে রাজশাহীর উদ্দেশে রওনা হলে লালপুর এলাকায় পৌঁছানোর পর আকিবের মৃত্যু হয়।
আকিবের বাবা আনিসুর রহমানের দাবি, তার ছেলেকে মারধর করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, আকিবের শরীরে অস্ত্রের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মারধরের চিহ্ন রয়েছে বলে তারা জানতে পেরেছেন। মারধরের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থক ছিলেন এবং তার শ্যালোইঞ্জিনচালিত নৌকা চালাতেন। সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেদী ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বলেও জানা গেছে। এ নিয়ে ওই এলাকায় মাঝেমধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রের দাবি, এই বিরোধের জেরে আকিবকে মারধর করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত এবং হত্যার পেছনে প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন