শার্শায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, ২ শিশু নিহত
যোগফল প্রতিবেদক:
যশোরের শার্শা উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চটকাপোতা গ্রামের একটি বাড়ি থেকে ভ্যানচালক কামাল উদ্দিন ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহত দুই শিশুর নাম ও বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, কামাল উদ্দিনের পরিবারে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
মর্মান্তিক এ ঘটনায় চটকাপোতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন