খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী অমিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী অমিত

যোগফল প্রতিবেদক:

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার অন্তরালে এক হচ্ছে। কোনো সুপ্ত বা গুপ্ত সংগঠন যাতে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচি ব্যর্থ করে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু বিএনপি নয়, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশকে সফল করতে এবং গত জুলাই আন্দোলন ও দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহকর্মীদের আত্মত্যাগের মূল্য দিতে হলে বর্তমান সরকারকে সফল করতে হবে।

নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন বন্দোবস্তের কথা বলব, অথচ ফ্যাসিস্টের ভাষায় কথা বলব, প্রতিমুহূর্তে অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করব এবং বড়দের অসম্মান করব—এটি কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি বাংলাদেশের মাটির সংস্কৃতি নয় এবং বিএনপিও এই সংস্কৃতি ধারণ করে না।

বিএনপির প্রতিষ্ঠা ও দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যে বীজ বপন করেছিলেন, সেটি আজ মহীরুহে পরিণত হয়েছে। আজকের গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে যে গর্ব করা হয়, সেই গণতন্ত্রের ভিত্তি রচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ বাংলাদেশ যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

যশোরের উন্নয়ন নিয়ে যা বললেন

যশোরের উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী যশোরবাসীকে যে উপহার দিয়েছেন, দেড় যুগের বেশি সময় আওয়ামী লীগ সরকারে থেকেও তা দিতে পারেনি। যশোরের মানুষের যেসব উন্নয়ন চাহিদা রয়েছে, বিএনপি অতীতের মতো আবারও সেসব চাহিদা পূরণ করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

সমাবেশের শুরুতে অনিন্দ্য ইসলাম অমিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন।

সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তার, মামলা ৮৬

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তার, মামলা ৮৬

যোগফল প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১১৬ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, গুলশানে ৩৭ জন, রমনায় ৩৩ জন, উত্তরা বিভাগে ৩১ জন এবং লালবাগে ৩০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে একজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মোবাইল ফোন, একটি চাকু ও একটি কাটার উদ্ধার করা হয়। এ ছাড়া ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

প্রথম সফরে নিজ জেলায় আসছেন রাষ্ট্রপতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রথম সফরে নিজ জেলায় আসছেন রাষ্ট্রপতি

যোগফল প্রতিবেদক:

দায়িত্ব গ্রহণের পর প্রথম জেলা সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠাকুরগাঁও পৌরসভা ও নাগরিক সমাজের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি। শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে নাগরিক সংবর্ধনার জন্য মঞ্চ নির্মাণের কাজও চলছে।

সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরে শহরের পুরাতন গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। এরপর কালীবাড়িতে নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।

সেদিন বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যা স্থানীয়ভাবে বড় মাঠ নামে পরিচিত, আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনের জেলা সফর শেষ করে ঢাকায় বঙ্গভবনে ফেরার কথা রয়েছে তার।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাদক বিরোধের জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাদক বিরোধের জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়।

পরে অটোরিকশাচালক নূরুল ইসলামকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে ওই অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম