খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

প্রথম সফরে নিজ জেলায় আসছেন রাষ্ট্রপতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রথম সফরে নিজ জেলায় আসছেন রাষ্ট্রপতি

যোগফল প্রতিবেদক:

দায়িত্ব গ্রহণের পর প্রথম জেলা সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠাকুরগাঁও পৌরসভা ও নাগরিক সমাজের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি। শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে নাগরিক সংবর্ধনার জন্য মঞ্চ নির্মাণের কাজও চলছে।

সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরে শহরের পুরাতন গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। এরপর কালীবাড়িতে নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।

সেদিন বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যা স্থানীয়ভাবে বড় মাঠ নামে পরিচিত, আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনের জেলা সফর শেষ করে ঢাকায় বঙ্গভবনে ফেরার কথা রয়েছে তার।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টাইমস স্কয়ারে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে ছুরিকাঘাতে হত্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টাইমস স্কয়ারে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে ছুরিকাঘাতে হত্যা

 যোগফল প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে প্রকাশ্য দিবালোকে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী এরিন সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছিলেন। তিনি একটি নবজাতক সন্তানের মা ছিলেন।

ঘটনার পর ব্যাংক অব আমেরিকা এক বিবৃতিতে এরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে স্নাতক সম্পন্ন করা এরিন ব্যাংক অব আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রিও অর্জন করেন।

হামলার মাত্র চার দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও নবজাতক সন্তানের সঙ্গে হাসিমুখের একটি ছবি প্রকাশ করেছিলেন এরিন। সেখানে তিনি মাতৃত্বকালীন পাঁচ মাসের ছুটি পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই পোস্টে সন্তানের নামকরণ এবং স্বামীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কথাও জানিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, টাইমস স্কয়ারে এক নারী হঠাৎ এরিনের ওপর ছুরি নিয়ে হামলা চালান। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। একই ঘটনায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তিও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত করে। তার নাম পামেলা সিসনেরোস, বয়স ৪৯ বছর। তিনি কুইন্সের বাসিন্দা ছিলেন। হামলার পর পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ২০১৮ ও ২০১৯ সালে সিসনেরোসকে ঘিরে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কয়েকটি ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তবে নিউইয়র্ক সিটিতে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না।

সিসনেরোসের ভাই প্যাট্রিক পেরালতা জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তিনি কখনো আগ্রাসী ছিলেন না। নিয়মিত ওষুধ সেবন করতেন এবং গত কয়েক বছর তুলনামূলক ভালো ছিলেন। মাঝেমধ্যে আইনি অফিসেও কাজ করতেন বলে জানান তিনি।

ঘটনাটি এমন একটি এলাকায় ঘটেছে, যেখানে প্রচুর পর্যটকের সমাগম হয় এবং কড়া পুলিশি নিরাপত্তা থাকে। হামলার স্থানটি একটি পুলিশ স্টেশনের কাছাকাছি হওয়ায় ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগে গত মে মাসেও টাইমস স্কয়ার এলাকায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছিলেন।

এরিন পিয়াচেন্টির আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোক নেমে এসেছে। ঘটনার পূর্ণাঙ্গ কারণ খতিয়ে দেখছে নিউইয়র্ক পুলিশ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তার, মামলা ৮৬

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তার, মামলা ৮৬

যোগফল প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১১৬ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, গুলশানে ৩৭ জন, রমনায় ৩৩ জন, উত্তরা বিভাগে ৩১ জন এবং লালবাগে ৩০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে একজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মোবাইল ফোন, একটি চাকু ও একটি কাটার উদ্ধার করা হয়। এ ছাড়া ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাদক বিরোধের জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাদক বিরোধের জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়।

পরে অটোরিকশাচালক নূরুল ইসলামকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে ওই অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম