হাতে রশি নিয়ে ঘুরছিলেন, পরে মিলল মরদেহ
যোগফল প্রতিবেদক:
পিরোজপুরের নেছারাবাদে একটি দোকান থেকে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল মল্লিক ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝে মাঝে তার আচরণে অস্বাভাবিকতা দেখা যেত। পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিবারটি আর্থিক সংকটে ছিল।
একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও অসুস্থতার কারণে প্রায় পাঁচ বছর ধরে তিনি আর কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে সেখান থেকেও পরিবারের আর্থিক সংকট কাটেনি।
নিহতের জামাতা আবীর হোসেন জানান, মঙ্গলবার আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চায়ের দোকানে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের সদস্যরা তাকে ডাকতে যান। এ সময় দোকানের ভেতরে তার মরদেহ দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ও অসহায় অবস্থায় ছিলেন। অভাব-অনটনের কারণে তার পরিবারও নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছিল।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন