হাতকড়া-হেলমেট ও ভেস্ট পরানো নিয়ে ট্রাইব্যুনালে জিয়াউলের আবেদন
যোগফল প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার সময় হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ আবেদন জানান। এ সময় নিজের শারীরিক সমস্যার কথা তুলে ধরে ট্রাইব্যুনালের কাছে সুবিচারও দাবি করেন তিনি।
জিয়াউল আহসান বলেন, সেনাবাহিনীতে কর্মরত থাকার সময় প্রশিক্ষণের কারণে তার কোমর ও ঘাড়ে দীর্ঘদিনের ব্যথা রয়েছে। কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার সময় হাতকড়া, হেলমেট ও ভেস্ট ব্যবহারের কারণে তার শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। তাই এসব ব্যবহারের ক্ষেত্রে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, নিজেকে সবার টার্গেট মনে হচ্ছে। এ সময় ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। মামলায় তিনি একমাত্র আসামি।
বুধবার মামলার দশম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন আব্বাস মল্লিক। জবানবন্দিতে তিনি তার ভাই আলকাছ মল্লিককে হত্যার জন্য জিয়াউল আহসানকে দায়ী করেন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও সাহিদুর রহমান সাক্ষীকে জেরা করেন। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
পরে জিয়াউল আহসানের আবেদনের বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিকে কারাগার থেকে আদালতে কীভাবে আনা হবে, সেটি জেল কর্তৃপক্ষের এখতিয়ার। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই তাকে হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরানো হচ্ছে বলে জানান তিনি।
এ সময় ট্রাইব্যুনালও জানায়, প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী নিরাপত্তার কারণেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে জিয়াউল আহসান বলেন, প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দূরত্ব খুবই কম এবং তাকে আদালতে আনার সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যও মোতায়েন থাকেন। তাই অতিরিক্ত নিরাপত্তা হিসেবে হেলমেট, হাতকড়া ও ভেস্ট ব্যবহারের প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী জিয়াউল আহসানকে হাতকড়া ও ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন