খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র, ১৪৩৩

হাঁসের খোপে মিলল ১১ ফুটের অজগর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হাঁসের খোপে মিলল ১১ ফুটের অজগর

 যোগফল প্রতিবেদক:

সাতক্ষীরার শ্যামনগরে একটি বাড়ির হাঁসের খোপ থেকে প্রায় ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনসংলগ্ন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের সদস্য ও স্থানীয় কমিউনিটি প্যাট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মোক্তার গাজী জানান, সকালে তার স্ত্রী প্রতিদিনের মতো হাঁসের খোপ খুলতে যান। খোপ থেকে কয়েকটি হাঁস বের হলেও অন্যগুলো বের হচ্ছিল না। পরে ভেতরে উঁকি দিয়ে বিশাল অজগর দেখতে পান তিনি। ভয় পেয়ে চিৎকার করে একপর্যায়ে অজ্ঞান হয়ে যান।

চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন এবং খবর পেয়ে আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে সকাল ৯টার দিকে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। এরপর সেটিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল সানা বলেন, সকালে হাঁসগুলো অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছিল। পরে খোপের ভেতর অজগরটি দেখতে পাওয়া যায়। তার দাবি, অজগরটি দুটি হাঁস খেয়েছিল এবং আরেকটি হাঁসকে পেঁচিয়ে ধরেছিল। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় নদী সাঁতরে এসে অজগরটি খোপে ঢুকে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

সিপিজির সদস্য জুলেখা বেগম জানান, খবর পেয়ে তিনি ও আরেক সদস্য আবুল হোসেন ঘটনাস্থলে যান। প্রথমে নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রাখা হয়। পরে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে অজগরটি উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। এটি সুস্থ ছিল। উদ্ধারের পর লোহার খাঁচায় রাখার সময় অজগরটি গিলে ফেলা দুটি হাঁস মুখ দিয়ে বের করে দেয়।

পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। লোকালয়ের বাড়িঘরে ঢুকে অজগর সহজেই হাঁস-মুরগি শিকার করতে পারে।

তিনি আরও বলেন, বন্য প্রাণী হত্যা না করার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আগে সাপ দেখলে অনেকে মেরে ফেলতেন। এখন অনেকেই বন বিভাগকে খবর দিচ্ছেন। ফলে উদ্ধার করা বন্য প্রাণীগুলোকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

 যোগফল প্রতিবেদক:

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি বাস ও চারটি ট্রাকের চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন অপসারণে নিয়মিতভাবে নজরদারি করা হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, আটক ৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, আটক ৫

 যোগফল প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভোরে ক্লাব পয়েন্ট বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও (লক্ষণাবন্দ) গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ট্রাম্পের পারমাণবিক হুমকি কতটা ভয়ংকর?

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ট্রাম্পের পারমাণবিক হুমকি কতটা ভয়ংকর?

 যোগফল প্রতিবেদক:

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁর এমন বক্তব্যের সমালোচনা করেছেন মার্কিন সাংবাদিক ও উপস্থাপক টাকার কার্লসন।

কার্লসনের মতে, কোনো রাজনৈতিক নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ তুললে বিষয়টি অত্যন্ত গুরুতর হিসেবে দেখা উচিত। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি বাড়াতে পারে এবং একজন রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।

ইরানকে ঘিরে সাম্প্রতিক সময়ে ট্রাম্প একাধিকবার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এক পর্যায়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে বড় ধরনের ধ্বংসের আশঙ্কার কথাও বলেন তিনি। তবে পরবর্তী সময়ে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তবে প্রয়োগ না হলেও এর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব রয়েছে। কোনো দেশ যদি এ ধরনের বক্তব্যকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে বিবেচনা করে, তাহলে তারা নিজেদের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে পারে।

ইরানের ক্ষেত্রেও বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে থাকলেও দীর্ঘদিন ধরে তেহরান সামরিক চাপের মুখে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে আসছে। ফলে ইরানের বিরুদ্ধে যেকোনো বড় ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তাগত ঝুঁকি তৈরি হতে পারে।

টাকার কার্লসনের বক্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সামরিক শক্তির ব্যবহার এবং পারমাণবিক অস্ত্রের ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ বারবার উঠে এলে হুমকি এবং বাস্তব সামরিক প্রস্তুতির মধ্যকার সীমারেখা আরও অস্পষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম