সাঁথিয়ায় পৌর ও থানা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যোগফল প্রতিবেদক:
পাবনার সাঁথিয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে সাঁথিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাহউদ্দিন খাঁন পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন খাঁন বলেন, ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর দাবি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন।
পথসভায় আরও বক্তব্য দেন সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সরদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান খোকন।
এ সময় ধূলাউড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আলীম, ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা জাকির, জীবন, নাইমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন