বিএনপি কোনো ‘বটবাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ‘বটবাহিনী’ পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে সংসদকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম যুগোপযোগী করার বিষয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বর্তমান নিয়ম অনুযায়ী প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ থাকলেও অনলাইন মাধ্যমে প্রকাশিত একই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত। অনলাইনে ব্যক্তি আক্রমণ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিষয়টি তুলে ধরে প্রেস কাউন্সিলের আওতা বাড়ানোর দাবি জানান তিনি।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই নন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী, সরকারি দলের সদস্য, এমনকি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়েও অপতথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রেস কাউন্সিলকে নতুনভাবে গঠন ও যুগোপযোগী করার কাজ চলছে। অনলাইন গণমাধ্যমের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কীভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শও চলছে। একটি কার্যকর ও সুন্দর কাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন