স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, গ্রেপ্তার স্ত্রী
যোগফল প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকেই রেহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও জাতীয় জরুরি সেবা সূত্র জানায়, আগের রাতে পারিবারিক কলহের জেরে স্বামী মাহফুজুর রহমান (৪০)-কে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ান রেহেনা। তিনি ঘুমিয়ে পড়ার পর ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা। ফোনে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর বিষয়টি দ্রুত সবুজবাগ থানা পুলিশকে জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
পরে সবুজবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং স্বামী মাহফুজুর রহমানের অন্য নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে রেহেনা ক্ষুব্ধ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই তিনি স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার ঘটনা ঘটিয়েছেন।
ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন