বাংলাদেশসহ ৩১ দেশের জন্য সীমিত মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা
যোগফল প্রতিবেদক:
মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে এই সুবিধা আর সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত থাকছে না। নতুন নিয়মে নির্ধারিত ৩১টি দেশের নাগরিকদের জন্য এমইভি সুবিধা সীমিত করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ২ সেপ্টেম্বর এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানায়।
সরকারি তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে এমইভি দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্লাই অ্যান্ড ক্রুজ, ব্যবসায়িক প্রয়োজন, চিকিৎসা সেবা গ্রহণ এবং ওয়েডিং ট্যুরিজম বা বিয়ে উদযাপন। এই ভিসার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসার মেয়াদকালে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ থাকে।
সরকারি ‘মাইভিসা’ পোর্টালে প্রকাশিত যোগ্য ৩১টি দেশের তালিকায় আফগানিস্তান ও অ্যাঙ্গোলার পর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকায় আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, ভুটান, সার্বিয়া, মন্টেনেগ্রো, কলম্বিয়াসহ আফ্রিকার কয়েকটি দেশ।
ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা পুরোপুরি বাতিল হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয়।
তবে তালিকায় কোনো দেশের নাম থাকলেই ওই দেশের সব নাগরিক স্বয়ংক্রিয়ভাবে এমইভি পাবেন না। আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, পূর্ববর্তী ভিসা ব্যবহারের ইতিহাস এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণের ওপর ভিসা দেওয়ার বিষয়টি নির্ভর করবে।
অন্যদিকে, ৩১ দেশের তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন দেশের নাগরিকদের এখন থেকে সিংগেল এন্ট্রি ভিসা (এসইভি) দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য আবেদন করতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ভ্রমণের আগে ‘মাইভিসা’ পোর্টাল থেকে সর্বশেষ ও হালনাগাদ ভিসা সংক্রান্ত নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন