তরুণ লেখকদের খোঁজে ইউআইইউতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
যোগফল প্রতিবেদক:
তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তার বিকাশ, গবেষণা এবং সমসাময়িক মাধ্যমে লেখালেখির কলাকৌশল নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা ‘ওয়ার্কশপ অন রিসার্চ অ্যান্ড রাইটিং (সেশন-১)’।
সম্প্রতি ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম এবং ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটিতে নলেজ পার্টনার হিসেবে ছিল ‘রিসার্চ বাডি’।
কর্মশালায় আমন্ত্রিত বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় যুক্ত হন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। গবেষণা বিষয়ে দিকনির্দেশনা দিতে আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মো. ওমর ফারুক এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জুনিয়র লেকচারার আজওয়াদ আবরার।
শিক্ষার্থীদের উদ্দেশে রাহিতুল ইসলাম বলেন, ‘লেখালেখি কোনো জটিল বা দূরবর্তী বিষয় নয়; আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট গল্প, সংগ্রাম ও স্বপ্নই সাহিত্যের আসল উপাদান। ডিজিটাল যুগে শব্দের শক্তি অপরিসীম। নিজের অভিজ্ঞতা ও সমাজের বাস্তবতাকে সাহসের সঙ্গে তুলে ধরতে পারলে সেই গল্পই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে।’
সেশনে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে গল্প বলার কৌশল, কনটেন্ট রাইটিং, প্রযুক্তি ও মানবিক আবেগের মেলবন্ধন এবং লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেওয়ার বাস্তবসম্মত বিভিন্ন দিক তুলে ধরেন। ক্যাম্পাস জীবনের নানা রসবোধ ও সহজ-সরল উপস্থাপনায় পরিচালিত তার সেশন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মুক্ত প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্ব। এ সময় শিক্ষার্থীরা লেখালেখির বিভিন্ন চ্যালেঞ্জ, বই প্রকাশের প্রক্রিয়া এবং ডিজিটাল মাধ্যমে লেখার কৌশল নিয়ে বক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নতুন চিন্তাভাবনা ও সৃজনশীল প্রকাশক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন