যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় বাস, নারী পথচারী নিহত
যোগফল প্রতিবেদক:
যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পথচারী এক নারীকে চাপা দেওয়ার পর পাশের একটি মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের হেলপারও আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া বেগম। এ সময় যশোরগামী ‘স্টার ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবিহীন বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের সামনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাসের হেলপার মানিক ফকির আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অবস্থান করছিল। বাসের ধাক্কায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শিক্ষার্থীরা অক্ষত রয়েছে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনারা খাতুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন