আশুলিয়ায় নবজাতকসহ দম্পতির মরদেহ উদ্ধার
যোগফল প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—নাজমা বেগম (৩০), তার স্বামী মো. আলমগীর (৪৫) এবং তাদের নবজাতক সন্তান।
পুলিশ জানায়, আলমগীরের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির রহস্য উদঘাটনে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
নিহত নাজমার বোন শাপলা জানান, তারা দুই বোন একই কারখানায় কাজ করতেন। সন্তান প্রসবের কারণে নাজমা কয়েকদিনের ছুটিতে ছিলেন। তারা ময়মনসিংহ জেলা থেকে কাজের সন্ধানে আশুলিয়ায় এসেছিলেন। নাজমার স্বামী আলমগীর পান-সিগারেট বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী কিছুদিন আগে ওই কক্ষটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কক্ষটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শনিবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতরা স্বামী-স্ত্রী। তাদের পরিচয় শনাক্তের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন