আদালত ভবন থেকে লাফিয়ে পালানো আসামি গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর দুই দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
গ্রেপ্তার আব্দুল মোমিন শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি একটি চুরির মামলার আসামি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে আব্দুল মোমিনকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়। সেখানে এক আসামির হাতকড়া খোলার সময় সুযোগ বুঝে গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান তিনি।
পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
টানা দুই দিনের অভিযানের পর শনিবার দুপুরে ছাতিয়ানতলি বাজারসংলগ্ন এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন