চট্টগ্রামে ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট, মাঠে চার দল
যোগফল প্রতিবেদক:
প্রায় দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে চট্টগ্রাম। স্থানীয় ক্রিকেটারদের মাঠে ফেরানো ও নতুন মৌসুমের আগে প্রস্তুতির সুযোগ তৈরি করতে শুরু হচ্ছে চার দলের ‘চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত জানান এর আহ্বায়ক ও বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু।
আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ছয় দিনের এ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে দুটি ম্যাচ।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইস্পাহানী কর্ণফুলী, ফর্টিস ময়নামাটি, ফিজআপ ভুলুয়া ও টিম সাম্পান। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা চারটি জোনে ভাগ করে দলগুলো গঠন করা হয়েছে। প্রতিটি দলে স্থানীয় অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে উদীয়মান ক্রিকেটার রাখা হয়েছে।
চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন অঞ্চল নিয়ে গঠিত ইস্পাহানী কর্ণফুলী। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ফর্টিস ময়নামাটি। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের খেলোয়াড়দের নিয়ে ফিজআপ ভুলুয়া এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার নিয়ে গঠিত হয়েছে টিম সাম্পান।
নান্নু বলেন, দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট না থাকায় চট্টগ্রামের ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিভা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর সকাল ৯টায় ইস্পাহানী কর্ণফুলী খেলবে ফর্টিস ময়নামাটির বিপক্ষে। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ফিজআপ ভুলুয়া ও টিম সাম্পান। ১৭ ও ১৯ সেপ্টেম্বরও দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ ও ২০ সেপ্টেম্বর থাকবে বিশ্রাম। ২১ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে হবে ফাইনাল।
টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। দর্শকদের জন্য ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। পাশাপাশি ক্রিকহিরোজ অ্যাপে পাওয়া যাবে বল-বাই-বল লাইভ স্কোর।
ফাইনালে বিসিবি সভাপতি তামিম ইকবালকে উপস্থিত করানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন নান্নু। তাঁর উপস্থিতি চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে বলে মনে করছেন আয়োজকরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন