খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩১ আশ্বিন, ১৪৩৩

পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল

এডহক কমিটির-সভাপতি শরিফুল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। নবগঠিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন খুলনা সরকারি বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।

গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মো. আবুল কাশেম, অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

নতুন এডহক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে মাদ্রাসার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, নবগঠিত কমিটির কার্যকর উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

তারা আশা প্রকাশ করেন, সভাপতি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে মাদ্রাসাটির ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন। বাসায় ফেরার পর তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন এবং নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তার সন্ধান চেয়ে স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় বা আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম