খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক, ১৪৩৩

ফরিদপুর জেলা পরিষদের ছাদে ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র চালু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফরিদপুর জেলা পরিষদের ছাদে ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র চালু

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ফরিদপুর জেলা পরিষদের দুটি স্থাপনার ছাদে মোট ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় প্রকল্পের উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এ দুই স্থাপনায় মোট ৬০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্র দুটির মেরামত ও রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন। বাসায় ফেরার পর তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন এবং নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তার সন্ধান চেয়ে স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় বা আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম