খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক, ১৪৩৩

গাইবান্ধায় বিয়ের একদিন আগে যুবকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাইবান্ধায় বিয়ের একদিন আগে যুবকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ছবি সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধায় বিয়ের একদিন আগে অসুস্থ হয়ে আরিফ শাহরিয়ার সৌমিক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়ে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজন ও বন্ধুরা।

সৌমিক জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুলতান মিয়ার ছেলে। সম্প্রতি তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তার হবু স্ত্রীর বাড়িও একই পাড়ায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধার বাড়িতে আসেন সৌমিক। চার দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত মাইশা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

সৌমিকের বড় বোন শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুপুর ১টার দিকে চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। পরে ওষুধ কিনে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শারমিনের অভিযোগ, বাড়িতে ফেরার পর বিকেলের দিকে সৌমিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাতে দ্রুত তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা তাকে রিকশায় বসে থাকতে হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌমিকের বন্ধু ছামছুর রহমান অভিযোগ করে বলেন, ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার কারণে এমন ঘটনা ঘটেছে। হাসপাতালের জরুরি বিভাগেও রোগীদের ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সেখানে কিছু আউটসোর্সিং কর্মী টাকা ছাড়া সেবা দেন না। পাশাপাশি রোগীর চাপ সামলাতে চিকিৎসকদেরও হিমশিম খেতে হয়। সৌমিকের মৃত্যুর জন্য তিনি দেশের চিকিৎসাব্যবস্থাকে দায়ী করেন।

এদিকে শুক্রবার (১৬ অক্টোবর) সৌমিকের বিয়ের দিন নির্ধারিত ছিল। বৃহস্পতিবার ছিল গায়ে হলুদের আয়োজন। বিয়েকে ঘিরে দুই পরিবারেই চলছিল নানা প্রস্তুতি। কনের বাড়িতে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট ও বাড়িঘর। সৌমিকের বাড়িতেও চলছিল বিয়ের আয়োজন।

কিন্তু বিয়ের আগের দিনই তার মৃত্যুতে সব আয়োজন থেমে যায়। আনন্দ-উৎসবের পরিবর্তে দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন। বাসায় ফেরার পর তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন এবং নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তার সন্ধান চেয়ে স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় বা আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম