চাঁদপুরে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩২, ৩০ জনের কারাদণ্ড
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল।
অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৩২ জনকে আটক করা হয়। পরে অপরাধের মাত্রা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৩০ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জালগুলো বিনষ্ট করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন