তাজমিন হত্যা মামলার আসামি রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী তাজমিনকে রাজু কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ তুলে ধরেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলা করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানার একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলা করার নির্দেশ দেন। পরে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজু প্রতারণার মাধ্যমে হোটেল মালিকের ছেলের পরিচয় দিয়ে তাজমিনের সঙ্গে সম্পর্কে জড়ান। পরে তাকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে, কুমিল্লায় জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজ উদ্দিন রাজুকে গ্রেপ্তার করে কক্সবাজার পুলিশ।
গত সোমবার দুপুরে কক্সবাজার সদর থানা পুলিশ রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনগত জটিলতার কথা উল্লেখ করে কুমিল্লা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।
গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাজমিনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন