লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শুভর মরদেহ দেশে ফিরল ৩ মাস ২৫ দিন পর
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শুভ দাসের মরদেহ দীর্ঘ তিন মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। এরপর তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে ফেরে তার মরদেহ।
তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। পরিবারের অভাব দূর করার আশায় প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার খরচ জোগাতে পরিবারের দুই শতক বসতভিটাও বিক্রি করতে হয়েছিল। পরিবারের আশা ছিল, বিদেশে কাজ করে সংসারের আর্থিক সংকট দূর করবেন শুভ। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে শেষ পর্যন্ত নিথর দেহে ফিরতে হলো তাকে।
এদিকে, নিহত শুভ দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে শুভর পরিবারের হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে জীবনবিমার আওতায় পরিবারটির জন্য আরও আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।
শুভ দাসের মৃত্যুতে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরা জেলার তিনজনের মৃত্যু হলো। এর আগে একই ধরনের হামলায় আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম নিহত হন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন