নরসিংদীতে নারী উদ্যোক্তা মেলা থেকে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং জয়নাল ভূঁইয়ার স্ত্রী। তিনি আওয়ামী যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে অভিযান চালানো হয়। ওই সময় নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর একটি মামলা রয়েছে। এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার ও সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার কথা জানিয়েছেন।
ওসি আরও জানান, রোববার আদালতের মাধ্যমে মাহিয়া মনিকে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন