দৃষ্টিহীন রাসেলের চিকিৎসায় ১ লাখ ১০ হাজার টাকা দিল উপজেলা প্রশাসন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ভুল চিকিৎসায় আগেই এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন নোয়াখালীর হাতিয়ার রাসেল। এবার অন্য চোখের দৃষ্টিশক্তিও হারানোর শঙ্কায় দিন কাটছিল তাঁর। সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে তাঁর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে হাতিয়া উপজেলা প্রশাসন।
দৃষ্টিপ্রতিবন্ধী রাসেলের চিকিৎসার জন্য নিজেদের স্বেচ্ছায় দেওয়া পাঁচ দিনের বেতন থেকে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাসেলের হাতে চিকিৎসার জন্য এ অর্থ তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের একটি সরকারি ব্যারাকে বসবাস করেন। প্রায় এক বছর আগে তাঁর ডান চোখে সমস্যা দেখা দেয়। পরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের পর তাঁর বাম চোখেও সমস্যা দেখা দেয়। একপর্যায়ে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন রাসেল।
চোখের চিকিৎসার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় তাঁর আর্থিক সংকট আরও বেড়ে যায়। নিজের চিকিৎসার ব্যয় এবং স্ত্রী ও তিন সন্তানের ভরণপোষণ নিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি।
এ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের কাছে যান রাসেল। তাঁর অসহায়ত্বের কথা জানতে পেরে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন ইউএনও। পরে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের বেতন থেকে অর্থ সংগ্রহ করে তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে জোগাড় হয় ১ লাখ ১০ হাজার টাকা।
চিকিৎসার জন্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত রাসেল বলেন, ‘ইউএনও স্যারসহ সরকারি কর্মকর্তারা আমাকে যে আর্থিক সহযোগিতা করেছেন, এর জন্য আমি তাঁদের কাছে ঋণী। এই টাকা নিয়ে আগামীকাল ঢাকায় গিয়ে বাম চোখের চিকিৎসা শুরু করব।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, দৃষ্টিহীন এই যুবক যেন চিকিৎসার মাধ্যমে আবার চোখের আলো ফিরে পান, সে লক্ষ্যেই তাঁদের এ প্রচেষ্টা। উপজেলা পরিষদের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে এ অর্থ দিয়েছেন। এটি তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন