মদনে প্রেমের সম্পর্ক ঘিরে তরুণীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার মদনে প্রেমের সম্পর্কের জেরে মানসিক নির্যাতনের শিকার হয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, একই গ্রামের এক যুবকের ভয়ভীতি ও মানসিক নির্যাতনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ বা কারও প্ররোচনা ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার নায়েকপুর গ্রামে নিজ বাড়ি থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
নিহত তরুণীর পরিবারের অভিযোগ, একই গ্রামের ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে যুবকটি তাকে ভয়ভীতি দেখানোসহ নানাভাবে মানসিক নির্যাতন করতেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন। এর পরিপ্রেক্ষিতে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বাবা।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। যুবকের বড় ভাবি তানিয়া আক্তার জানান, আগের রাতে ওই তরুণীকে নিয়ে তার দেবরের ঘুরতে যাওয়ার বিষয়টি তারা জানতে পারেন। পরদিন সকালে তরুণীর আত্মহত্যার খবর পান তারা।
তানিয়া আক্তার আরও জানান, ঘটনার পর থেকে তার দেবর ও পরিবারের অন্য সদস্যরা গা-ঢাকা দিয়েছেন। তারা বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ওই তরুণী ও যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ বা কারও প্ররোচনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন