ট্রাকচাপায় স্কুলশিক্ষিকা নিহত, আহত ব্যাংকার স্বামী
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীর খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় জয়ারানী (৩০) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ব্যাংকার বাবলা দাস (৩১) আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়ার দুপচাঁচিয়া থানার তিশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী বাবলা দাস একই এলাকার যুগল চন্দ্র দাসের ছেলে। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জয়ারানী ও তার স্বামী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি শিবগঞ্জে ফিরছিলেন। পথে দুপচাঁচিয়া থানার তিশিগাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে।
এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক জয়ারানীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন