পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
পাবনার আতাইকুলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) এবং একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অন্যদিকে রিপন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সালামের সহযোগী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের একটি ব্যবসায়িক অফিস রয়েছে। ঘটনার সময় ওই অফিসে সালাম ও রিপন বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল সেখানে প্রবেশ করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত সালাম ও রিপনকে উদ্ধার করেন। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ কুমার সাহা।
তিনি বলেন, ৫ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল গুলি করতে করতে সালামের অফিসে প্রবেশ করে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন