শাকিল হত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর ফের ২ দিনের রিমান্ড
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ২৭ অক্টোবর বিকেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে সোমবার সকাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে মিন্টু ডিবি হেফাজতে রয়েছেন।
তিনি আরও বলেন, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত শুক্রবার ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমানকে (২৫) আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। এ সময় তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।
হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শাকিল মারা যান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই দিন রাত ১০টার দিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ ঘটনায় মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এদিকে, শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন