ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া ১৫০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে অন্তত ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুরের নান্দাহা গ্রামের মো. লিমন মিয়া (৩৪), কান্দাপাড়া গ্রামের মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকা (৩৬) এবং খুলনার লবণচরা এলাকার মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীর (৫৫)। জাহাঙ্গীর ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নতুন ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেওয়ার কথা বলে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের একটি ঘটনার তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মুকসুদপুর এলাকায় অভিযান চালিয়ে লিমন ও তাঁর সহযোগী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া পরিচয় ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি ও ছিনতাই করে আসছিলেন। এসব ইজিবাইক মুকসুদপুরের মন্টু মিয়ার কাছে বিক্রি করা হতো। ডিবির সিডিএমএস তথ্যভাণ্ডার যাচাই করে লিমনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসংক্রান্ত অন্তত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
লিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রূপগঞ্জে নগদ ২৪ লাখ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় জাহাঙ্গীর ও তাঁর চক্রের সদস্যরা জড়িত ছিলেন। চোরাই ও ডাকাতি হওয়া মোটরসাইকেল ফরিদপুরসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন তিনি। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, এই চক্রের সঙ্গে বড় ধরনের অপরাধী নেটওয়ার্ক জড়িত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে অধিকতর তদন্ত, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে রিমান্ডের আবেদন করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন