নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ছবিতে গ্রেফতারকৃত আসামিগণ
আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়ার নির্দেশনায় শনিবার (৭ নভেম্বর) রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসআই কাইয়ুম (নিরস্ত্র) ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাকিল গাজীর বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাজী শিপন (২৪), মো. জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫-৬ জন পালিয়ে যায় বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি পুরাতন পালসার এএস ১৫০ মোটরসাইকেল।
পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় জিডি নং- ৩২৪, তারিখ: ৭ নভেম্বর ২০২৬ ইং মূলে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন